ডিএসইর এমডিকে ইউসিবি স্টক ব্রোকারেজের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৮-১০ ১৯:৫৪:৫৩


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়াকে শুভেচ্ছা জানিয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।

আজ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রহমত পাশা রাজধানীর নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি ডিএসইর নতুন এমডির হাতে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের একটি স্মারক তুলে দেন।

এ বিষয়ে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রহমত পাশা সানবিডিকে বলেন,পুঁজিবাজারের উন্নয়নে আমরা কিভাবে একত্রে কাজ করতে পারি, সেই বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডিএসইর তথ্য প্রযুক্তির বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। একই সাথে দেশের শীর্ষ পর্যায়ের ব্রোকারেজ হাউজগুলোর সাথে নিয়মিত বৈঠক করার বিষয়ে আলাপ হয়েছে। তিনি বিষয়গুলোতে সম্মতি দিয়েছে।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়া।

প্রসঙ্গত,গত ২৫ জুলাই তারিক আমিন ভুঁইয়া ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ৬ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগের বিষয়ে ডিএসইর দেওয়া প্রস্তাব অনুমোদন করে।