নূরানি ডাইংয়ের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৮-১১ ১৯:৪৬:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের নূরানি ডাইং অ্যান্ড স্যুয়েটার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১১ আগস্ট) বিএসইসির ৭৮৬ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে, নূরানী ডাইংয়ের কারখানা ও কর্পোরেট অফিস পরিদর্শনদল কোম্পানিটির উৎপাদন ও অন্যান্য কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে বলে প্রতীয়মান হয়। কিন্তু কোম্পানির আর্থিক প্রতিবেদন ও স্টক এক্সচেঞ্জে দাখিলকৃত অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানির কার্যত্রম চলমান রয়েছে।
এমতাবস্থায়, বিগত বছরগুলোর আর্থিক প্রতিবেদনের সাথে বাস্তব কার্যক্রমের সামঞ্জস্য পর্যালোচনাপূর্বক সংশ্লিষ্ট বছরের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষকদের বিৰুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, আইপিওতে আসার সময় কোম্পানির অনেক প্রবৃদ্ধি দেখানো কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এসকে নুরুল আলম। তিনি মৃত্যু বরণ করেছেন। এরপর থেকেই কোম্পানির অবস্থায় শোচনীয় হয়ে পড়ে। ফলে তালিকাভুক্ত হওয়ার তিন বছরের মধ্যেই লাভে থাকা কোম্পানিটি লোকসানের কবলে পড়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৫ পয়সা।
বিএসইসির ৫৯৭তম কমিশন সভায় আইপিও’র অনুমোদন দেওয়া হয় শতভাগ রফতানিকারক নূরানী ডাইং অ্যান্ড স্যুয়েটার কোম্পানিকে। ১০ টাকা মূল্যে ৪ কোটি ৩০ লাখ শেয়ার ইস্যু ৪৩ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। এই টাকা দিয়ে কোম্পানির মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ভবন নির্মাণ, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যবহার করে।
নূরানী ডাইং ২০০৯ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তর হয়। ২০১৭ সালের ১লা জুন দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৩০টি। যার বাজারমূল্য ১৩৭ কোটি ৩৪ লাখ টাকা। এরমধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৯৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৭ দশমিক ২৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫১ দশমিক ৭৯ শতাংশ শেয়ার।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৯:১৭/১১/৮/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














