২৪ ঘণ্টায় রেকর্ড ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-০৭ ১৯:৩২:৫৪


সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বাধিক রোগী। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ২৮৬ জন এবং ঢাকার বাইরের ৫৭ জন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। তথ্যমতে, সেপ্টেম্বরের প্রথম সাতদিনেই রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮ জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন।

এর আগে গত ২ সেপ্টেম্বর একদিনে সর্বাধিক ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তির তথ্য জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১৩৩ জন, বাকি ১৪৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২ হাজার ৪৩৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ১০১ জন।

এএ