শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-০৮ ১৬:৩১:৫২


“শিক্ষার জন্য সুস্থ্য পরিবেশ” শিরোনামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকার সরকারি, বেসরকারি ও আধাসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ মিলিয়ে ৪৪৩টি প্রতিষ্ঠানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। বুধবার (৮ সেপ্টেম্বর) শুরু হওয়া এই কার্যক্রম চলবে শুক্রবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত। কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম চলা প্রতিষ্ঠানগুলোতে শনিবার (১১ সেপ্টেম্বর) চলবে এই পরিচ্ছন্নতা কর্মসূচি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই সময় মেয়রের উপস্থিতিতেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

মেয়র আতিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ খুবই জরুরি। তাই প্রত্যেকটি বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যেকটা ক্লাসরুমে ফগিং ও স্প্রে করা, খেলার মাঠ ও ছাদসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর টয়লেট কিংবা অন্য কোথাও পানি জমে থাকলে সেখানে লার্ভিসাইডিং করা হবে।

তিনি বলেন, নাগরিক সেবায় ব্যবহৃত “সবার ঢাকা” মোবাইল অ্যাপস অথবা ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন কিংবা ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে জানানো হলে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ফগিং ও লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করা হবে।

আতিকুল ইসলাম বলেন, নিজেদের বাসাবাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে, “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন”।

সময়ের প্রয়োজনে লজ্জা পরিহার করে সবাই মিলে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করে সুস্থ্যতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম।

এই সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এএ