রাবির মাদার বখশ্ হলে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট, বিপাকে শিক্ষার্থীরা
প্রকাশ: ২০১৬-০১-২৭ ১৮:২৩:১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ্ হলের নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিপাকে পড়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা। সর্বশেষ গত সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সেই সাথে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সর্ফমারটিও নষ্ট হয়ে যায়।
হলের একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যায় হঠাৎ করে বিদ্যুতের ভোল্টেজ কমে যায়। তারপরে বিদ্যুৎ সরবরাহের ট্রান্সর্ফমারটি নষ্ট হলে গোটা হল বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে করে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৫টা পর্যন্ত হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কিন্তু মঙ্গলবার ৫টায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও ওই দিনই সন্ধ্যায় ভোল্টেজের সমস্যা দেখা দেয়।
হলের আবাসিক শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিংকু বলেন, এভাবে নিয়মিত লোডশেডিংয়ের কারণে আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। আর আমাদের হলে এ ঘটনা নতুন কোন ঘটনা নয়। আর এভাবে বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়াতে আমাদের আশংকা হয় ইলেকট্রিক ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার।
মাদার বখশ্ হলের বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে জানতে চাইলে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. সিরাজুম মুনীর বলেন, ওই দিন পিডিপি থেকেই ৫ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তাছাড়া ট্রান্সর্ফমারটি নষ্ট হবার কারণে মূলত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। কিন্তু নিয়মিত কেন এমনটি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
এবিষয়ে উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ফিরোজ শাহ এর সাথে যোগাযোগ করা হলে, তিনিও কোন রকম মন্তব্য করতে রাজি হননি।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













