সভাপতির পদত্যাগের দাবিতে ইবির আইন বিভাগের শিক্ষকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৯:৫৬:৫২


iu.sunbdইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বিভাগের শিক্ষকরা। আগামী মঙ্গলবারের মধ্যে আইন বিভাগের সভাপতি পদত্যাগ না করলে বা তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অব্যাহতি না দিলে আগামী বুধবার থেকে ক্লাস পরীক্ষাসহ বিভাগের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার আইন বিভাগের ওই অংশের শিক্ষকরা আইন অনুষদের সভাকক্ষে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিভাগের শিক্ষক অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, ‘বিভাগীয় সভাপতির কাজকর্মে বিভাগের কোনো শিক্ষক সন্তুষ্ট নয়। তিনি বিভাগকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন। তাই অচিরেই বিভাগের সভাপতিকে পদত্যাগ করতে হবে। অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সভাপতিকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় আমরা আগামী বুধবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনসহ সভপতিকে সহযোগিতা করা থেকে বিরত থাকবো।’

গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত আইন বিভাগের একটি শিক্ষক নিয়োগ বোর্ডকে অবৈধ আখ্যায়িত করে ওই বোর্ড বাতিলসহ বিভাগীয় সভাপতি অধ্যাপক শাহজাহান মন্ডলের পদত্যাগের দাবিতে দেড় মাস ধরে আন্দোলন করে আসছেন আইন বিভাগের শিক্ষকদের একটি বড় অংশ। এ দাবিতে গত ১৯ ডিসেম্বর থেকে বিভাগীয় শিক্ষকদের একটি বড় অংশ ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকেন।

এর মধ্যে বিভাগীয় শিক্ষকরা সভাপতির প্রতি অনাস্থা প্রকাশ করে পরীক্ষা কমিটি থেকে পদত্যাগ করেন। শিক্ষকদের এ আন্দোলন চলাকালে বিভাগীয় শিক্ষার্থীরা বিভাগের ক্লাস পরীক্ষা চালুসহ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের নিকট স্মারকলিপি দেন। এছাড়া একই দাবিতে তারা বিভাগীয় সভাপতিসহ বিভাগের বিভিন্ন কক্ষে কয়েক দফা তালা লাগিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের আশ্বাসে তারা গত ২৩ জানুয়ারি ক্লাস পরীক্ষায় ফিরে আসলেও এসময়ের মধ্যে বিভাগীয় সভাপতি পদত্যাগ না করায় তারা ফের সময়সীমা বেঁধে দিয়েছেন।

উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘বিভাগীয় সভাপতির বিষয়ে ব্যবস্থা নিতে হলে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকতে হবে। অথচ শিক্ষকরা তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ করছেন না। এমতাবস্থায় আমি ওই শিক্ষকের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারি না। করলে সেটা অবৈধ হবে।’

সানবিডি/ঢাকা/রাআ