গায়ের জোরে পণ্যের দাম বাড়াচ্ছে সরকার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১০ ১৭:০০:২৩


বর্তমানে দেশে কোনো সুশাসন নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকার মানুষকে পিষ্ট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে। আজকে কেরোসিন ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এখানে জনগণের কোনো মতামত নেয়া হয়নি। অবৈধ পার্লামেন্ট যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছেনা তারা। এরকমই একটি সরকার আজকে ক্ষমতায় বসে আছে।

আজ বুধবার দুপুর রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনের সড়কে দোকান, পথচারী ও সাধারণ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

লিফলেট বিতরণ শেষে বেইলি রোডে এক সংক্ষিপ্ত পথসভায় রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, আজকে তারা (সরকার) বড় বড় কথা বলে।

এ সময় রিজভী বলেন, আজকে সে কারণেই জনগণকে পিষ্ট করে তাদেরকে পদদলিত করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে। আজকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে ডিজেল ও কেরোসিন এবং গ্যাস। ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকের ব্যয় বেড়ে যাবে, সব ধরণের খাদ্যদ্রব্য ও কৃষি পণ্যের দাম বাড়বে। এজন্যই আজকে বিএনপির উদ্যোগে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। সেইসাথে দলের প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে বলে জানান রিজভী।

সানবিডি/এনজে