পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত দিলেই গ্রেপ্তার করা হবে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-০৮ ১৯:১৬:২৯


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যখনই ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে, তখনই দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। পরে জেলে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে থেকে কি বলছে— এটা বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছে। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। ভারতের বিচার বিভাগও এটি দেখছে।

মক্কা প্যাক্ট নিয়ে শামা ওবায়েদ বলেন, এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যাবে কিনা— সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাংলাদেশ সরকার ভবিষ্যতে যে কোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতি সবার আগে অনুসরণ করবে। এমন গ্রুপ দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কিনা এবং উপকারে আসবে কিনা— সেটা বিবেচনা করে মক্কা প্যাক্টে যাওয়া হবে। সেই সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কথা বলবে।

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

বিএইচ