এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-১৪ ১৬:১০:৫২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার জন্য রোববার তাকে সিসিইউতে নেওয়া হয়।
এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
এ ব্যাপারে চিকিৎসক জাহিদ বলেন, ‘প্রথমে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হলেও ম্যাডামকে এখন সিসিইউতে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা ও পরীক্ষাগুলো হচ্ছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মেডিকেল বোর্ডের বৈঠক রয়েছে। সেখানে উনার সর্বশেষ অবস্থা ও পরীক্ষার ফলাফলগুলো পর্যালোচনা করা হবে।’
শুক্রবার রাত থেকে অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এই হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। এর পাঁচ দিন পর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হলো।
চিকিৎসকরা জানিয়েছেন, ৭৬ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














