চার মাসে হিলিতে রাজস্ব ঘাটতি ২৭ কোটির বেশি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৬ ১৮:০২:৪৬


দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রথম চার মাসে রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকায়।

এ সময়ে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষমাত্রা ছিল ১৫৭ কোটি ২৬ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ১২৯ কোটি ৭৭ কোটি টাকা। অর্থবছরের বাকি সময়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি স্বাভাবিক থাকলে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থল শুল্কস্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত অর্থবছরে লক্ষ্যমাত্রার অধিক রাজস্ব আহরণ করায় জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) চলতি ২০২১-২২ অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা। সে হিসেবে অর্থবছরের প্রথম মাস জুলাই মাসে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৩৫ লাখ টাকা এর বিপরীতে আহরণ হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা। আগষ্ট মাসে ৪৩ কোটি ৯৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে ৩৭ কোটি ৯৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা। অক্টোবর মাসে ৩৯ কোটি ২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা।

সানবিডি/এনজে