লাগামহীন রডের দাম,নির্মাণ খাতে বিপর্যয়ের আশঙ্কা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৭ ১৮:৫২:৪৭
মহামারি করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষের দৈনন্দিন জীবনযাপন স্বাভাবিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।এ জন্য মানুষের চাহিদাও বাড়ছে। সেই চাহিদার অন্যতম নিত্যপণ্য হলো বাড়িঘরসহ স্থাপনা নির্মাণের প্রধান উপকরণ রড। বেশ কিছুদিন ধরেই লাগামহীনভাবে বাড়ছে পণ্যটির দাম। মাত্র গত দুই সপ্তাহের ব্যবধানে রডের দাম প্রতি টনে বেড়ে গেছে ৭ হাজার টাকা। আর গত এক বছরে রডের দাম ২৫ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এই প্রথম দেশের বাজারে রডের দাম এত বাড়লো, ইতিহাসে সর্বোচ্চ। এতে বিপাকে পড়েছেন ব্যক্তিগত বাড়ি নির্মাণকারী ও আবাসন ব্যবসায়ীরা।
রডের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকারের চলমান উন্নয়নকাজ ও বেসরকারি পর্যায়ে আবাসন-শিল্প বড় ধরনের ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ওদিকে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যেও বাজারে সব ধরনের রডের দাম বেড়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন, দাম দ্বিগুণ বৃদ্ধি পেলেও উৎপাদনের সঙ্গে সমন্বয় করতে রডের দাম সেই তুলনায় বাড়ানো হয়নি।
এ ব্যাপারে জানা গেছে, মহামারির ধাক্কা সামলে নির্মাণকাজের ভরা মৌসুম শুরু হয়েছে। সরকারি-বেসরকারি নানা প্রকল্পের কাজও পুরোদমে শুরু হয়েছে। এতে চাহিদা বেড়ে গেছে। এই সুযোগে গত ১৫ দিনে প্রতি টন রডের দাম ৮ থেকে ৯ হাজার টাকা বাড়িয়ে দেয় কোম্পানিগুলো।
বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে প্রতি টন রডের দাম ছিল ৭৫ হাজার টাকা। সেই রডের দাম বেড়ে ৮১ হাজার টাকায় দাঁড়িয়েছে। পাঁচ মাস আগে প্রতি টন রড বিক্রয় হতো ৫৫ হাজার টাকা। ফলে এই সময়ে টন প্রতি দাম বেড়েছে ২৫ হাজার টাকা।
রডের এমন দাম বাড়ার কারণ হিসেবে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের রড তৈরির কাঁচামাল স্ক্র্যাপ এবং বিলেটের দাম বৃদ্ধি পাওয়াকে দায়ী করছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা জানান, বিশ্ববাজারে কাঁচামালের দাম এবং জাহাজ ভাড়া ব্যাপকভাবে বেড়েছে। করোনার প্রভাব কাটিয়ে বিশ্বে নির্মাণকাজ বেড়ে যাওয়ায় চাহিদা অনুসারে কাঁচামাল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, নির্মাণকাজের ভরা মৌসুম হওয়াতেও এখন রডের চাহিদা বেশি। এসব কারণে দেশের বাজারেও রডের দাম বেড়েছে। কাঁচামালের দাম না কমলে সামনের মাসগুলোতে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।
দেশীয় উদ্যোক্তারা জানান, চাহিদা বেড়ে যাওয়ায় উন্নত দেশগুলো এখন আর জাহাজ ভাঙতে চাচ্ছে না। ফলে দেশে জাহাজ ভাঙা স্ক্র্যাপের পরিমাণও কমে গেছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














