পঞ্চম ধাপে ৯৯৪ ইউপি ভোটের তফসিল শনিবার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-২৬ ১৯:৫০:১২
আগামীকাল শনিবার (২৭ নভেম্বর) পঞ্চম ধাপে ৯৯৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ২২ নভেম্বর কমিশনের ৯০তম সভায় এই বিষয় নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। তাই সেদিন বৈঠক মুলতবি করে পরবর্তীতে শনিবার (২৭ নভেম্বর) বসার সিদ্ধান্ত নেয় কমিশন।
ইসি’র যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অন্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণার বিষয়টি চূড়ান্ত হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে তফসিল দেওয়ার জন্য প্রাথমিকভাবে ৯৯৪টি ইউপি’র তালিকা করা হয়েছে। শনিবার কমিশন সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ইতিমধ্যে ইউপি ভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ সভায় জানানো হয়েছে যে, এতো সংখ্যক ইউপিতে একসংগে ভোট করতে গেলে পর্যান্ত আই-নশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা সম্ভব হয় না। তাই শনিবারের সভায় ইউপি’র এই সংখ্যা বাড়তে বা কমতে পারে।
তবে সম্প্রতি সিইসি বলেছিলেন, পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।
ইতিমধ্যে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এক হাজার ইউপিতে এবং চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














