আরও ৭ লাখ টিকা এলো জাপান থেকে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২২ ২০:৩৯:১৮
মহামারি করোনারভাইরাসের সংক্রমণ রোধে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৪ হাজার ৯১০ ডোজ টিকা দেশে এসেছে। কোভ্যাক্সের আওতায় এটি জাপানের দেওয়া ১৫ লাখ টিকার দ্বিতীয় চালান।
এ বিষয়ে টোকিও’র বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ৭ লাখ ৪ হাজার ৯১০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছায়। সোমবার সন্ধ্যায় এসব টিকা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে।
বাংলাদেশকে প্রথম দফায় ৩০ লাখ টিকা দেওয়ার পর চলতি মাসে আরও ১৫ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। ১৫ লাখ টিকার প্রথম চালান গত ১৪ ডিসেম্বর ৭ লাখ ৮৮ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে।
গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশ সরকারের কাছে এসব টিকা হস্তান্তর করেন। সেদিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে এখন পর্যন্ত ৪৫ লাখ টিকা দিয়েছে দেশটি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














