আইভীর হ্যাটট্রিক, নাকি তৈমূরের অভিষেক?
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৫ ২১:০৮:১৫
টানা ১৮ দিনের জমজমাট প্রচার শেষে রাত পোহালেই হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। জোরদার করা হয়েছে নিরাপত্তা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। অরাজকতার কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। পেশি শক্তি কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক।
মর্গ্যান স্কুল এন্ড কলেজ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এই তিন জায়গা থেকে সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হয় সব কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মোট ওয়ার্ড ২৭টি, কেন্দ্র ১৯২টি, বুথ এক হাজার ৩৩৩টি। মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ৫১১ জন। ভোট হবে ইভিএম-এ। মেয়র পদে লড়ছেন সাত প্রার্থী। সংরক্ষিত ৯টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের বিপরীতে লড়ছেন ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯ জন।
সুষ্ঠু ভোট গ্রহণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।
ভোটকে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের নগরীতে প্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা। বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার। জানান ১৮ বছরের ঊর্ধ্বে কেউ জাতীয় পরিচয়পত্র ছাড়া বের হতে পারবে না।
ভোট দিতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
সবশেষ তৃতীয়বারের মতো সেলিনা হায়াৎ আইভী না প্রথমবারের মতো মেয়র হবেন তৈমূর আলম খন্দকার তা বুঝা যাবে ভোটের পরই।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














