রিজেন্টের চেয়ারম্যান সাহেদসহ তিন জনের বিচার শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৮ ১৮:৪১:৪৪
প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ মঙ্গলবার(১৮ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ অভিযোগ গঠন করেন। এরমধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এদিন আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করেন আইনজীবী দবির উদ্দিন। এছাড়া রাষ্ট্রপক্ষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করা হয়। শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিচার শুরু হওয়া অপর আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ, রিজেন্ট কেসিএস লিমিটেডের জেনারেল ম্যানেজার শিপন আলী।
এ মামলার অভিযোগ থেকে জানা যায়, শিপন আলী ২০১৯ সালের ২৭ অক্টোবর বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ১৯ কোটি ৭৫ লাখ টাকার ৫০ লাখ সিএফটি বালু সরবরাহের অর্ডার করেন। শিপন আলী বাদী পূবালী ব্যাংকের তিন চেক প্রদান করেন। এদিকে অর্ডার অনুযায়ী এস এম শিপন ৬১ লাখ টাকার বালু সরবরাহ করেন। পরবর্তীতে চেকগুলো ব্যাংক থেকে ডিজঅনার হয়। বাদী শিপন আলীর কাছে বিল দাবি করলে- দেই, দিচ্ছি বলে তাকে ঘুরাতে থাকেন।
পরবর্তীতে শিপন আলী জানান, রিজেন্ট চেয়ারম্যান সাহেদ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের নির্দেশে বালুর অর্ডার দেন। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি টাকা চাইলে সাহেদ ও মাসুদের কাছে বাদীকে নিয়ে যান শিপন। সেখানে আসামিরা তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে অফিস থেকে বের করে দেয়। এ বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে শেষ করে দেওয়ার হুমকিও দেয়। তখন বাদী নিশ্চিত হন তারা সবাই প্রতারক। বাদী বুঝতে পারেন, তারা বালু বিক্রির ৬১ লাখ টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছেন। এ অভিযোগে ২০২০ সালের ২৪ জুলাই বালু ব্যবসায়ী এস এম শিপন আসামিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন।
২০২০ সালে ৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আকরাম হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














