চলে গেলেন কবি কাজী রোজী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২০ ১০:২১:২৫
করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন বরেণ্য সাবেক সংসদ সদস্য, একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিবিদ কাজী রোজী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তার মেয়ে সুমী সিকান্দার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার বাসভবনে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে মিরপুরে দাফন করা হতে পারে।
পরিবার সূত্রে জানা গেছে, কাজী রোজীকে গত ৩০ জানুয়ারি বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। মাল্টি অর্গান সমস্যার কারণে তিনি শ্বাস নিতে পারছিলেন না। এ ছাড়া তার কোভিড পজিটিভ। তিনি আইসিইউতে আইসোলেশনে ছিলেন।
কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ পাস করেন। সরকারি চাকরি করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন।
২০১৪ সালের ১৯ মার্চ ‘সংসদ সদস্য’ পদে নির্বাচিত হন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ পান।
কবি কাজী রোজীর উল্লেখযোগ্য গ্রন্থগুলো- পথঘাট মানুষের নাম, নষ্ট জোয়ার, আমার পিরানের কোনো মাপ নেই, লড়াই, শহীদ কবি মেহেরুন নেসা, শেখ মুজিবর বাঙালীর বাতিঘর, কবিতায় বলি, কবিতায় জ্বলি ইত্যাদি। এছাড়াও তিনি নাটক, গান লিখতেন। ‘আমার দুঃখে কারো নাকি কপাল ভেঙ্গেছে’এর মতো জনপ্রিয় গানের রচয়িতা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














