বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৪ ২০:৫৫:০১
বাংলাদেশ থেকে আরও জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছেন সফররত মালয়েশিয়ার প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমোডিটিজ মন্ত্রী জুরাইদা কামারউদ্দিন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গণভবনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান জুরাইদা।
পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, মালয়েশিয়ার মন্ত্রী দেশটির বৃক্ষরোপণ খাতের জন্য সরকার টু সরকার (জিটুজি) চ্যানেলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রস্তাব দেন এবং তা নিয়ে আলোচনা করেন।
মালয়েশীয় মন্ত্রী শ্রমিকদের উপযুক্ত বেতন-আবাসনসহ মৌলিক অধিকার ও সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ এবং ঝামেলামুক্ত করতে চান।
কর্মীদের তদারক করার জন্য একটি ট্র্যাকিং সিস্টেম চালু করারও আগ্রহের কথা জানান জুরাইদা কামারউদ্দিন।
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার প্রস্তাবকে একটি ‘ভালো প্রস্তাব’ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে দুই পক্ষই বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশার কথা জানায়।
কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন জুরাইদা কামারউদ্দিন।
টিকাদানে বাংলাদেশকে সহায়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের একজন প্রভাবশালী নারীনেত্রী হিসেবে আখ্যা দিয়ে মালয়েশিয়ার মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের সব নারীর জন্য শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ অর্জন।’
প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমও এ সময় উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














