রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৭২

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০১ ১০:২৭:৩৫


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৮৫৭ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন ও ১১১ কেজি ১৫৬ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।