‘দেশের উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে’

প্রকাশ: ২০১৬-০৩-০৫ ১৮:৩৭:৪৯


RU minister picমৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ‘পরিবেশ দূষণের ফলে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে নিত্য নতুন রোগ। এতে মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছে প্রাণিকূল। তাই এসব রোগ নিয়ন্ত্রণে প্রয়োজন প্রতিষেধক ভ্যাকসিন। তাই এ খাতগুলোর উন্নয়নে নেতৃত্ব দিতে হবে তরুণদের। অর্থনীতির চাকাকে গতিশীল করতে তাদের অংশগ্রহণের বিকল্প নেই।’

 শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের যুগপূর্তি ও প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘কৃষিবিদদের জন্যই আমরা সফলতার সম্ভবনা দেখি। তাদের জন্য আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছি। কৃষিবিদরা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সংগঠিত করেছে, প্রয়োজন অনুযায়ী দিচ্ছে পরামর্শ। আর সেখান থেকে আমরা পাচ্ছি সোনার ফসল। তাই শিক্ষার্থীদের জ্ঞানের পরিসরকে বাড়াতে হবে আর এতে সমৃদ্ধ হবে দেশ ও জাতি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক শাহানা কায়েস, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম নজরুল ইসলাম ও রেনাটা লিমিটেডের প্রাণিস্বাস্থ্য বিভাগের প্রধান মো. সিরাজুল হক।

এই অনুষ্ঠানের একাডেমিক সেশনে ‘দি রোল অব ভেটেরিনারিয়ানস্ ইন ওয়ান হেলথ অ্যাপ্রোচ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক নিতিশ চন্দ্র দেবনাথ।

বিভাগের সভাপতি ড. কে এম মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিভাগের যুগপূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদার। অনুষ্ঠানে বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক মো. মমতাজুর রহমানকে আজীবন সম্মাননা, ড. মো. মাহবুব আলমকে পিএইচডি সম্মাননা ও ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফকে স্নাতকোত্তর সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামরুজ্জামান।

অনুষ্ঠানমালার প্রথম দিনে সিম্পোজিয়াম, ‘লাইভস্টক ইন ন্যাশনাল ডেভলপমেন্ট : বাংলাদেশ পারসপেকটিভ’ ও ‘রোল অব প্রাইভেট ইনট্রেপ্রিনিয়ারস ইন লাইভস্টক ডেভলপমেন্ট’, শীর্ষক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিন রোববার সকাল ৯টায় শিক্ষার্থীদের বরণ ও বিদায়, ১০টায় স্মৃতিচারণ, ১১টায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং ১২টায় সমাপনী অনুষ্ঠিত হবে।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস