জাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট: ২০১৬-০৩-০৯ ১১:০১:০৯


womens Day‘সমাজে পুরুষেরা সহযোগিতার হাত বাড়ালেই নারীরা ভালো থাকে। এ জন্য নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় পুরুষের সহমত ও সহযোগিতা প্রয়োজন।’

মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এসব কথা বলেন।

“প্লানেট ৫০-৫০ বাই ২০৩০: স্টেপ ইট আপ ফর জেন্ডার ইকুয়ালিটি” শীর্ষক আলোচনা সভায় উপাচার্য আরো বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষায় বাংলাদেশ সাম্প্রতিককালে উন্নতি লাভ করেছে। বাংলাদেশে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু ও বাল্যবিয়ে কমে এসেছে। নারী-পুরুষের সমতা কোনো কোনো ক্ষেত্রে দৃশ্যমান হলেও বাস্তবে এর ভেতর ফাঁক রয়েছে।

এই ফাঁকাগুলো পূরণ করার ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে। ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

আলোচনা সভা শেষে নারী অধিকার বিষয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে সকাল দশটায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপাচার্য, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, মহিলা ক্লাব, স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষক প্রমুখ অংশগ্রহণ করেন।

সানবিডি/ঢাকা/শামিম/এসএস