রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৯ ১০:৪৯:২৯
ভারতের রাজস্থান রাজ্যে মিগ–২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) স্থানীয় সময় রাতে প্রশিক্ষণকালীন উড্ডয়নের সময় রাজস্থানের বারমারে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ঘটনার পর ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, দুই আসনের মিগ-২১ প্রশিক্ষণ বিমানটি সন্ধ্যায় রাজস্থানের উতরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে বারমারের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনায় গুরুতর আহত দুই পাইলটই মারা যান। তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
সোভিয়েত আমলের এক ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার ও গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান মিগ-২১। একসময় এই যুদ্ধবিমানই ছিল ভারতীয় বিমানবাহিনীর মূল শক্তি। এই যুদ্ধবিমানগুলোর নিরাপদ উড্ডয়নের ইতিহাস তেমন ভালো নয়। আগামী দশকেই এই বিমানগুলোকে অবসরে পাঠানো হতে পারে। আধুনিক বিভিন্ন যুদ্ধবিমান সেগুলোর জায়গায় যুক্ত হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














