রাবিতে পরিসংখ্যান বিভাগের ৫৫ বছর পূর্তি উদযাপন

আপডেট: ২০১৬-০৩-১২ ১৯:০৭:৫৬


RU Statistics dept. pic Date- 12.03.2016রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পরিসংখ্যান বিভাগের ৫৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

দু’দিনব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সরকারি কর্মকমিশনের সদস্য সমর পাল ও রাবি পুর্নমিলনী কমিটির সভাপতি ড. মো. সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশের বিদেশি সহায়তা নেয়ার দিন শেষ। এখন দেশের সম্পদ কাজে লাগিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সরকারকে যে সবসময় বিনিয়োগ করতে হবে বিষয়টি এমন নয়। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থনীতির উন্নয়নের জন্য অভিনব পদ্ধতি নিজেদেরই আবিষ্কার করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশে বেসরকারি মেডিকেল, বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফলে যখন তখন এগুলো বন্ধ করে দেয়ার জন্য বলা হচ্ছে। তবে মান না থাকলে তা ঠিক করতে হবে, বন্ধ করে দেয়া যাবে না। আবার নিয়ন্ত্রণের নামে আমাদের আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করতে হবে।’

বিভাগের অধ্যাপক মো. আইয়ুব আলী ও সহযোগী অধ্যাপক মো. মনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক সুশান্ত কুমার ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক মরহুম অধ্যাপক খন্দকার মনোয়ার হোসেন এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ও পুর্নমিলনী কমিটির সভাপতি মো. সোহরাব উদ্দিনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে পরিসংখ্যান বিষয়ক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আগামীকাল সকাল ৯টায় সিনেট ভবনে ‘স্ট্যাটিস্টিক্স এন্ড বায়োইনফরমেটিক্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

সানবিডি/ঢাকা/আহো