আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬ এ চ্যাম্পিয়ন রাবি

আপডেট: ২০১৬-০৩-১৫ ২০:৩৭:২৭


Rajshahi RU Cricket pic Date-15.03.2016আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬ এর ফাইনালে গত বছরের চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) ২৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাবি বনাম জাবির মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এ নিয়ে ২০১৩ সালের পর আবারো চ্যাম্পিয়ন হল রাবি।

ফাইনাল ম্যাচে দুপুর ১টায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাবি দলের অধিনায়ক নাজমুস সাকিব। কিন্তু ব্যাটিংয়ের শুরুতে একটু হোঁচট খেলেও, ব্যাটসম্যানের দায়িত্বর্পূণ ব্যাটিংয়ে নির্ভর করে ৮৪ রান সংগ্রহ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৮৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারেই ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে জাবি একাদশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত তারা ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৭ রানেই সবকটি উইকেট হারিয়ে ফেলে। আর ২৭ রানে জয়ী হয় রাবি একাদশ।

প্রথম ইনিংসে ২ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন রাবি দলের আলী ওমর ফরাজী অপু। আর পুরো টুর্নামেন্ট জুড়ে অল রাউন্ড পারফর্মেন্সের জন্য ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয় রাবি দলের সৈয়দ শাহরিয়ার সুমন । তাকে রানার গ্রুপের পক্ষ থেকে মোটরসাইকেল পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্টে তিনি ২২১ রান করেন আর বল হাতে নেন ১০ উইকেট।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, প্রক্টর তারিকুল হাসান প্রমুখ।

তৃতীয় নির্ধারণী ম্যাচে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করে ইসলামী বিশ্ববিদ্যালয়। গত ৫ মার্চ থেকে আন্তঃবশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।

সানবিডি/ঢাকা/আহো