রাবির আবাসিক হল থেকে শিবিরের বইপত্র উদ্ধার
প্রকাশ: ২০১৬-০৩-১৮ ১৪:৫৩:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল থেকে শিবিরের রিপোর্ট বই, বিভিন্ন ম্যাগাজিনসহ ক্যালেন্ডার উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দ্বিতীয় ব্লকের সিঁড়ির মাঝামাঝি বৈদ্যুতিক বক্স থেকে হল কর্তৃপক্ষ সেগুলো উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে বাক্সের ভেতরে শিবিরের রিপোর্ট বই, ছাত্র সংসদ বই, বিভিন্ন ম্যাগাজিন, কনটেস্ট কোচিং সেন্টারের শিট, কিছু ঈদ কার্ডসহ বিভিন্ন ক্যালেন্ডার দেখা যায়। ঘটনাটি হলের দায়িত্বরত পুলিশদেরকে জানানো হয়। পরে হল কর্তৃপক্ষ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অনিল চন্দ্র দেব বলেন, ‘বিষয়টি জানার পর সেগুলো উদ্ধার করা হয়েছে। তবে রিপোর্ট বইটিতে কারো নাম উল্লেখ নেই। হল ছাড়ার সময় অনিরাপদ ভেবে কেউ সেটা লুকিয়ে রেখে যেতে পারে। হলে অস্থিতিশীলতা তৈরি করার জন্য সেগুলো রাখা হয়েছে বলে মনে হচ্ছে না।’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, হল প্রাধ্যক্ষ কোন ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করলে আমরা ব্যবস্থা নেবো।’
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













