বাজেটের আকার কমেছে স্বাস্থ্যখাতে
প্রকাশ: ২০১৬-০৬-০২ ২০:১০:৩৩
জাতীয় সংসদে উত্থাপিত জাতীয় বাজেটে (২০১৬-২০১৭ অর্থবছর) স্বাস্থ্যখাতে প্রস্তাবিত অর্থের পরিমাণ ১৭ হাজার ৫শত ১৬ কোটি টাকা। গত অর্থ বছরের চেয়ে এ খাতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ চার হাজার সাতশ ৯১ কোটি টাকা বেড়েছে।
তবে প্রস্তাবিত মোট জাতীয় বাজেট তিন লাখ ৪০ হাজার ছয়শ পাঁচ কোটি টাকার অংকের বিবেচনায় স্বাস্থ্যখাতে বাজেট কমেছে। গত বছর স্বাস্থ্যখাতে মোট বাজেটের শতকরা চার দশমিক ৩১ থাকলেও প্রস্তাবিত বাজেটে এর পরিমাণ চার দশমিক ৭ ভাগ।
জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বাস্থ্যখাতে এবারও কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব তুলে ধরে বলেন, এ পর্যন্ত ১৩ হাজার একশ ২৬টি কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে। দারিদ্র গ্রামীণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আরও ২৩৫ কমিউনিটি ক্লিনিক পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের টেলিমেডিসিন সেবা কেন্দ্র ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।
অর্থমন্ত্রী বক্তৃতায় সামাজিক স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পাইলট ভিত্তিতে চালু হয়েছে জানিয়ে বলেন, এ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে দরিদ্র মানুষ স্বাস্থ্যকার্ডেও মাধ্যমে বিনামূল্যে উন্নতমানের সেবা পাবেন। এ কর্মসূচি সফল হলে সারাদেশে তা চালু করা হবে। পাশাপাশি গরীব, দুস্থ ও গর্ভবতী মায়েদের জন্য মাতৃ ভাউচার স্কিম অব্যাহত থাকবে।
বর্তমানে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাত উন্নয়ন বিষয়ক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এর ধারাবাহিকতায় নতুন সেক্টরেও কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ধারণাপত্র প্রণয়ন ও কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
দেশীয় ওষুধ উৎপাদনকারি শিল্প প্রতিষ্ঠানগুলো সরকারের দেয়া সুযোগের অপব্যবহার করছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, উৎপাদিত ওষুধের মূল্য নিয়ন্ত্রণেরও দাবি উঠেছে। এ বিষয়ে সরকার সজাগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
গত ছয় বছরে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দকৃত অর্থ : (জাতীয় বাজেটের শতকরা হিসেবে)
অর্থ বছর টাকার পরিমান
২০১৬-২০১৭ ৪.৭
২০১৫-২০১৬ ৪.৩১
২০১৪-২০১৫ ৪.২
২০১৩-২০১৪ ৪.৭
২০১২-২০১৩ ৪.৮৬
২০১১-২০১২ ৬.৫৮
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














