মিয়ানমারের জান্তা সরকারের ওপর যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৪ ১৮:০৪:৩৪


মিয়ানমারের জান্তা সরকারের ওপর আরও বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জেট ফুয়েল খাতের সঙ্গে জড়িত বা সহায়তাকারী বিদেশে কোম্পানি ও ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে এই বিধিনিষেধের অনুমোদন দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২৩ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিরুদ্ধে তাদের নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে, যাতে বিদেশি কোম্পানি বা ব্যক্তিরা মিয়ানমারের জান্তা সরকারকে জেট ফুয়েল সংগ্রহ করতে সহায়তা করতে না পারে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, খিন ফিউ উইন এবং জাও মিন তুন নামের দুই ব্যক্তিকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে মার্কিন ট্রেজারি। পাশাপাশি তাদের সঙ্গে যুক্ত তিনটি সংস্থাকেও তালিকায় রাখা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের জন্য জেট ফুয়েল সংগ্রহ ও সরবরাহে এই দুই ব্যক্তি ও সংস্থাগুলোর যোগসূত্র রয়েছে বলে উল্লেখ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

ট্রেজারি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সই করা একটি নির্বাহী আদেশে মিয়ানমারের জেট ফুয়েল খাতকে চিহ্নিত করে দেশটির প্রতিরক্ষা খাতের সঙ্গে বাইরের কোম্পানিগুলোকে কাজ করা থেকে বাধা দেয়া হয়েছে।

এ বিষয়ে মার্কিন সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে জানান, জান্তা সরকারের শাসনের জন্য গুরুত্বপূর্ণ এই খাতকে লক্ষ্য করে আমাদের নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে। মূলত নাগরিক নিপীড়ন করতে সক্ষম এমন সম্পদ থেকে জান্তা সরকারকে বঞ্চিত করার উদ্দেশ্যেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এএ