বাগদাদে বোমা হামলা: ৩ জনের ফাঁসি কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৯ ১১:৫৮:২৩
ইরাক বাগদাদে গাড়িবোমা হামলায় দোষী সাব্যস্ত ৩ জনকে ফাঁসি দেয়া হয়েছে। রোববার ও সোমবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
২০১৬ সালের ওই হামলায় ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল এবং শতাধিক আহত হয়।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর এটি ইরাকে সবচেয়ে মারাত্মক একক বোমা হামলা।
ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) বলেছে, তারা এই হামলা চালিয়েছে।
প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানির কার্যালয় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম বা তাদের কখন সাজা দেওয়া হয়েছে তা জানায়নি।
একটি সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, গাজওয়ান আল-জাওবাই, যাকে হামলার পেছনে আইএসের মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয়েছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন। জাওবাইকে বন্দি করে ২০২১ সালে ইরাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী ভুক্তভোগীদের পরিবারকে অবহিত করেছেন যে ‘সন্ত্রাসী বোমা হামলায় জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত তিনজন প্রধান অপরাধীকে’ ‘মৃত্যুদণ্ডের যথাযথ শাস্তি’ দেয়া হয়েছে। তার কার্যালয় জানিয়েছে।
৩ জুলাই ২০১৬-এ বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ইরাকের রাজধানী প্রধানত শিয়া মুসলিম এলাকা কাররাদায় একটি জনাকীর্ণ শপিং সেন্টারের পাশে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাবান পদত্যাগ করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














