রাবিতে অফিস সময়ে সান্ধ্যকালীন শিক্ষার কার্যক্রম
প্রকাশ: ২০১৬-০৮-১৬ ১৮:৪৭:২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়ম বহির্ভূতভাবে অফিস সময়ে চলছে সান্ধ্যকালীন শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার সকালে সান্ধ্যকালীন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।
বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সান্ধ্যকালীন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হয় । ২০১৪-১৫ সেশনের সান্ধ্যকালীন ৩৬ জন শিক্ষার্থী এ মৌখিক পরীক্ষায় অংশ নেয়।
মৌখিক পরীক্ষা দিতে আসা সান্ধ্যকোর্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘বিভাগের শিক্ষকরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অফিস সময়ে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য ডেকেছেন বলেই আমারা এসেছি।’
নাম প্রকাশ না করার শর্তে বিভাগের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমাদের ক্লাসের সময়ে সান্ধ্যকালীন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নিচ্ছেন বিভাগের শিক্ষকরা। আজকের এই ঘটনায় আমরা শঙ্কিত। কারণ আজকে আমাদের ক্লাসের সময় তারা মৌখিক পরীক্ষা নিচ্ছেন, কয়েকদিন পরে দেখা যাবে সান্ধ্যকালীন শিক্ষার্থীদের ক্লাসও আমাদের সঙ্গেই নিচ্ছে। এদিকে শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের ফল দিনের পর দিন আটকে রাখছে, কিন্তু সান্ধ্যকালীন শিক্ষার্থীদের কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাচ্ছেন।
পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চত করে আইন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘নিয়ম অনুযায়ী সান্ধ্যকালীন শিক্ষা কার্যক্রমের সবকিছু চলবে অফিস সময়ের বাইরে। কিন্তু আজকে সকালে তাদের মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টি আমার জানা ছিল না। এই সময়টা পরীক্ষা কমিটি নির্ধারণ করেছে। আমি ক্যাম্পাসে এসে বিষয়টা জানার পর বিভাগের শিক্ষকদের বললে তারা মৌখিক পরীক্ষা নেওয়া বন্ধ করে দেয়।’
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













