নিজাম হাজারী এমপি পদে থাকা নিয়ে রায় পিছিয়েছে
প্রকাশ: ২০১৬-০৮-১৭ ১৮:৫৬:৪১
ফেনীর আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে রায় এক সপ্তাহ পিছিয়েছে।
বুধবার এ সংক্রান্ত রিটের রায় ঘোষণার দিন ধার্য থাকলেও বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আগামী ২৩ আগস্ট রায় ঘোষণার নতুন দিন ধার্য করেন।
এর আগে গত ৩ আগস্ট উভয়পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থান শেষে বুধবার রায় ঘোষণা দিন ধার্য করেছিলেন এই হাইকোর্ট বেঞ্চ।
নিজাম হাজারীর আইনজীবী এ কে এম হাফিজুল আলম সাংবাদিকদের জানান, রায় পিছিয়ে গেছে। মামলা চলাকালে নিজাম হাজারী কতদিন হাজতবাস করেছেন, তা নিশ্চিত হওয়ার জন্য আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া মামলার নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে জমা দিতে বলেছেন আদালত।
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী ২০১৪ সালের নির্বাচনে ফেনী-২ আসনের এমপি নির্বাচিত হন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর তার এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া রিট আবেদনটি করেন।
রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল জারি করেন। গত ১৯ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চে রুলের ওপর শুনানি শুরু হয়।
আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। আর রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও সত্যরঞ্জন মণ্ডল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














