আসছে অ্যাপ, এক ঘণ্টার মধ্যেই হবে কোম্পানি নিবন্ধন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৩ ২০:২৩:২৪


নতুন করে ব্যবসা শুরুর পথ সহজ করতে অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া চালু করছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর- আরজেএসসি। এর মাধ্যমে এক ঘণ্টার মধ্যেই কোম্পানি নিবন্ধন করা সম্ভব হবে। দরকারি সব ধরনের আনুষ্ঠানিকতা অনলাইনেই সম্পন্ন করতে পারবেন আগ্রহী উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে আরজেএসসির নতুন অনলাইন অ্যাপ ‘স্মার্ট আরজেএসসি’ শীর্ষক ওয়ার্কশপে এসব কথা জানানো হয়।

আরজেএসসির নিবন্ধক মিজানুর রহমান বলেন, প্রতিদিন গড়ে ৪০-৫০ টি প্রতিষ্ঠান নিবন্ধন নেয়। আরজেএসসির লোকবল কম থাকায় প্রতিষ্ঠানটিকে নিবন্ধনে হিমশিম খেতে হয়। কাজের চাপ সামলাতে মধ্যস্বত্বভোগীদের দারস্থ হতে হয়। এমন অবস্থায় অ্যাপ ডেভেলপের কাজ করা হচ্ছে। যা খুব এটি শিগগিরই উন্মুক্ত করা হবে। এতে করে সেবাগ্রহীতারা উপকৃত হবেন। মানুষ সশরীরে না এসেও, কোম্পানির নিবন্ধন নিতে পারবে।

ওয়ার্কশপে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আরজেএসসিতে অংশীজনের সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় ‘স্মার্ট আরজেএসসি’ তৈরি হচ্ছে। এটি হবে পুরোপুরিভাবে পেপারলেস আরজেএসসি।

অ্যাপটি তৈরি হওয়ার পর অংশীজনদের ইউজার টেস্টিংয়ে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্মার্ট আরজেএসসি’ অ্যাপটি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে হস্তান্তর করার আগে মন্ত্রণালয় তদারকি করবে। টেস্টিং পিরিয়ডের জন্য অন্তত এক মাস অংশীজনরা যেন এক্সেস করতে পারে সে ব্যবস্থা করা হবে। সবার মতামত নিয়ে অ্যাপটিতে সংযোজন-বিয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কাজ সহজে করার জন্য দালাল ধরি। শর্টকাট খুঁজি। কিন্তু আমি অনুরোধ করবো, আপনারা যদি সঠিক উপায়ে নিজে আরজেএসসির মাধ্যমে নিবন্ধন করেন, আমি নিশ্চিত, আপনারা প্রোপার সার্ভিস পাবেন। আরজেএসসি এই প্রকল্প স্মার্ট বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।’

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যবসাবান্ধব পরিবেশ ও উদ্যোক্তা তৈরি করার পথে হাঁটছে। জনবান্ধব সেবা যেন তৈরি হয় তা নিয়ে কাজ হচ্ছে। এতে করে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। মানসম্পন্ন সেবা যদি দেয়া না যায় তাহলে পিছিয়ে পড়তে হবে। আরজেএসসির এই অ্যাপের মাধ্যমে ভবিষ্যতে কোম্পানি আরও বাড়বে।

উল্লেখ্য, ‘স্মার্ট আরজেএসসি’ অ্যাপ তৈরিতে সহায়তা করছে আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডির ফিড দ্য ফিউচার প্রজেক্ট।

এএ