মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ: প্রাণিসম্পদমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-১১ ১৮:৫৮:০৫
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান জানিয়েছেন, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। মমঙ্গলবার (১১ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ফাইনাল ওয়ার্কশপ অ্যান্ড ফেয়ার অব আর্টিমিয়া ফর বাংলাদেশ প্রজেক্ট’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ২০৪১ সালে আমাদের ৮৫ লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, আর্টিমিয়া মৎস্য খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা উৎপাদনের মাধ্যমে আমরা মাছের উৎপাদন আরও বাড়াতে পারি। এছাড়া আর্টিমিয়া উৎপাদনের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারি।
মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ওয়ার্ল্ড ফিশের উদ্যোগে আমাদের সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণ চাষের পাশাপাশি আর্টিমিয়া চাষ হচ্ছে। ফলে মাছ, বিশেষত চিংড়ি জাতীয় মাছের উৎপাদন বাড়ছে।
আব্দুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের মাছের খাদ্য উৎপাদন বাড়ানো জরুরি। এ খাতকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পলিসি সাপোর্টের প্রয়োজন তা অবশ্যই মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি।
এছাড়াও গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী ও বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্যাট্রিক সরগেলুস উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














