বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-১২ ১২:২৪:১২


শিশুশ্রম প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিলেও দেশে শিশুশ্রম সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের অভাবে এমনটি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য শিশুশ্রম রোধ করতে ‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১২ই জুন পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।

সরকারি হিসাবে গত ১০ বছরে অন্তত এক লাখ শিশুশ্রমিক বেড়েছে। ২০১৩ সালে যেখানে দেশে ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন শিশু শ্রমিক ছিল, সেখানে ২০২৩ সালে শিশুশ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জনে।

দিবসটিকে পালনের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থা কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া বিভিন্ন শিশু ও শ্রমিকদের সংগঠন এবং উন্নয়ন সংস্থা দিনব্যাপী কর্মসূচি পালন করবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শিশুদের উন্নয়ন ও বিকাশে শিশু আইন প্রণয়ন ও প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। তিনি সংবিধানে শিশু অধিকার সমুন্নত রাখেন।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার শিশুশ্রম-নিরসনের লক্ষ্যে ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০’ প্রণয়ন করেছে।

এ ছাড়াও শিশুদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে ‘জাতীয় শিশু নীতি-২০১১’, ‘শিশু আইন-২০১৩’, ‘বাল্যবিবাহ বিরোধ আইন-২০১৭’ এবং গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো (বিবিএস) জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২ এর ফলাফল অনুযায়ী, দেশে শিশুর সংখ্যা প্রায় চার কোটি। এর মধ্যে ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন শিশুশ্রমিক। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯। তাদের মধ্যে ১০ লাখ ৭০ হাজার শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজ করে। কৃষি, শিল্প ও সেবা, এই তিন খাতেই শিশুশ্রম আছে। এরমধ্যে কৃষিতে এক লাখ ৭০ হাজার, শিল্পে ১১ লাখ ৯০ হাজার এবং সেবায় ১২ লাখ ৭০ হাজার। সরকার ৪৩টি খাতকে শিশুশ্রমের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

দীর্ঘ ১০ বছর শিশুশ্রম নিরসনে কাজ করছে উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)’। তাদের পক্ষ থেকে উত্থাপিত সুপারিশে বলা হয়েছে, পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ও নিকৃষ্ট ধরনের শ্রমসহ সকল ধরনের শ্রম থেকে শিশুদের প্রত্যাহার করতে হবে। এ জন্য শিশুশ্রম নিরসনে আইন সংস্কার ও তার সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো শিশুকে ১৪ বছর বয়সের আগে কোনো ধরনের শ্রমে নিয়োজিত করা যাবে না। এখনো ৫ থেকে ১৫ বছর বয়সী প্রায় ১৮ লক্ষ শিশুশ্রমে নিয়োজিত। ওই সকল শিশুদের শ্রম থেকে প্রত্যাহারের লক্ষ্যে তাদের পিতামাতার জন্য আয় বৃদ্ধিমূলক কাজের ব্যবস্থা করতে হবে। শ্রমে নিয়োজিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং নির্দিষ্ট কর্মঘণ্টা, কাজের তালিকা, মজুরি নির্ধারিত থাকতে হবে।

এম জি