পানি ব্যবস্থাপনা ও জলবায়ু মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ জরুরি: পরিবেশমন্ত্রী

আপডেট: ২০২৪-০৬-১২ ১৬:৪০:০৬


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু মোকাবিলায় প্রতিশ্রুতির চেয়ে বাস্তব প্রদক্ষেপ গ্রহণ করা জরুরি।

মঙ্গলবার (১১ জুন) ‘টেকসই উন্নয়নের জন্য পানি’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের সাধারণ অধিবেশনে কান্ট্রি স্টেটমেন্ট প্রদানকালে তিনি এ কথা বলেন। অধিবেশনে বৈশ্বিক নেতা ও স্টেকহোল্ডাররা পানি, জলবায়ু এবং ক্রায়োস্ফিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ক্রায়োস্ফিয়ার সংরক্ষণ বিষয়ে কথার ফুলঝুরি ও প্রতিশ্রুতি প্রদানের চেয়ে বাস্তব পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করতে হবে।

মন্ত্রী এ চ্যালেঞ্জগুলোর গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সক্ষম বৈশ্বিক সংহতি ও রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় অবস্থানের আহ্বান জানান।

আন্তর্জাতিক দশক ‘টেকসই উন্নয়নের জন্য পানি’ উদ্যোগের তৃতীয় হাই লেভেল আন্তর্জাতিক সম্মেলন দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং টেকসই পানি ব্যবস্থাপনা ও জলবায়ু কর্মের প্রচেষ্টাগুলো সমন্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

পরিবেশমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশে বৈশ্বিক উদ্যোগগুলোর প্রতি অঙ্গীকার ও পরিবেশগত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সম্মিলিত কর্মের গুরুত্ব তুলে ধরেছে।

বিএইচ