হার্টে পেসমেকার বসাতে অপারেশন থিয়েটারে খালেদা জিয়া 

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-২৩ ১৮:৪২:৩৯


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসাতে তাকে এভারকেয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। রোববার (২৩ জুন) বিকেল ৫টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এভারকেয়ারের চিকিৎসক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, গতকাল শনিবার রাতে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তার শরীরে পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয়। আজ রোববার আবার মেডিকেল বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

বিএইচ