খালেদা জিয়ার কিছু অসুখ সারার মতো না: আইনমন্ত্রী

আপডেট: ২০২৪-০৬-২৪ ১৫:৫০:৫৮


আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার কিছু অসুখ আছে যেগুলো সেরে ওঠার মতো না। সেটার চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছে।

সোমবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দফতরে ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি এতটুকু বলব যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতালে তা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন।

তিনি বলেন, গতকাল রোববার বিকেল ৪টার দিকে তার পেসমেকার লাগানো হয়েছে। সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন।

মন্ত্রী বলেন, যখন এখানকার চিকিৎসকরা মনে করেছেন বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই যারা এই কথা বলছেন যে খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না তারা নিজেকে হাস্যকর করছে।

আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শোনেন, তাদের ভারসাম্য ঠিক আছে কি না সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছে। আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্ত আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।

বিএইচ