পাটপণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার: পরিবেশমন্ত্রী
আপডেট: ২০২৪-০৬-২৫ ১৬:১৪:৪৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার পরিবেশ বান্ধব এবং বায়ো ডিগ্রেডেবল পাটপণ্য ভুটানসহ সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার (২৪ জুন) সন্ধ্যায় ভুটানের থিম্পুতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশি পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার উদ্বোধনকালে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিন তোবগে।
সাবের চৌধুরী বলেন, প্রথমবারের মতো বিদেশে বাংলাদেশের পাটজাত পণ্যে প্রদর্শনী কেন্দ্র স্থাপনের মাধ্যমে ভুটান-বাংলাদেশ বন্ধুত্ব আরো সুদৃঢ় হলো। এটি শুধু পরিবেশ রক্ষায় নয় দ্বি-পাক্ষিক বাণিজ্যেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় এবং দূতাবাসের কাউন্সেলর সুজন দেবনাথ।
এসময় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, শিল্প, বাণিজ্য এবং কর্মসংস্থান মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র সচিব, প্রাকৃতিক সম্পদ বিষয়ক সচিবসহ ভুটান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া ভুটান চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক ভুটানি ব্যবসায়ী, আমদানিকারক এবং কারুশিল্প ব্যবসায়ীগণও উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ভুটানের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগণ প্রদর্শনী কেন্দ্র এবং বাংলাদেশি পাটজাত পণ্য ঘুরে দেখেন। তারা বাংলাদেশের পাট থেকে উৎপন্ন বহুমুখী পণ্য যেমন-ব্যাগ, জুতা, কার্পেট, টিস্যুবক্স, কিচেন আইটেম, পোশাক, অফিস ফাইল, কনফারেন্স ফাইল, কলমদানি এবং গৃহসজ্জার বিভিন্ন পণ্যসামগ্রী দেখে অভিভূত হন। অচিরেই ভুটানে বাংলাদেশি পাটজাত পণ্যের একটি স্থায়ী বাজার গড়ে উঠবে বলে মতামত প্রদান করেন তারা।
দূতাবাস সূত্রে জানা যায় যে, অদূর ভবিষ্যতে পাটজাত পণ্যের পরিমাণ এবং সংখ্যা বৃদ্ধি করা হবে। ফলে ভুটানের বিভিন্ন শহরে বাংলাদেশি পাটজাত পণ্যের বাজার গড়ে উঠবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














