সারাদেশে ১৪ হাজার ৮৯০টি কমিউনিটি ক্লিনিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-২৫ ১৭:৪০:৫১


স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারাদেশে ১৪ হাজার ৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা আছে। বর্তমানে ১৪ হাজার ৩২০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এছাড়া ৬৩টির নির্মাণ কাজ চলমান।

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উপস্থাপিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মূলত কমিউনিটি ক্লিনিক হতে গ্রামীণ জনগণকে স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি, পরিবার পরিকল্পনা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ শনাক্তকরণ, সীমিত নিরাময়মূলক সেবাসহ জরুরি ও জটিল রোগীদের যথাযথ ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ে রেফার সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, অসংক্রামক রোগসমূহ প্রাথমিকভাবে নিরুপণ এবং উচ্চতর পর্যায়ে যেমন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্সেনিকোসিস, অটিজম কার্যক্রম পরিচালিত হচ্ছে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরও জোরদারকরণ এবং একটি কার্যকর রেফারেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিএইচ