বিএনপি বাংলাদেশকে ধ্বংস করতে চায়: নানক
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০৬-২৫ ১৮:১৮:৪৬
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি দেশের ভেতরে ষড়যন্ত্র করে। এরা বাংলাদেশকে ধংস করতে চায়। এদের কোনো লজ্জা নেই। তারা দেশের টাকা বিদেশে পাচার করে আর সে টাকায় তারেক জিয়া বিদেশে আলিশান বাড়িতে থাকে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় সিলেট-সুনামগঞ্জসহ বিস্তৃর্ণ এলাকার মানুষেরা দুর্বিষহ জীবনযাপন করছেন। আমাদের দল এখানে আগে থেকেই কাজ করেছে। আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য এসেছি। আমরা সমস্ত বিষয়গুলো দেখেছি। এই এলাকায় যা যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো পূরণ করা হবে।
তিনি বলেন, নদী খনন, নদী শাসন থেকে শুরু করে হাওর প্রোটেকশনসহ সমস্ত কিছু আমাদের চিন্তার মাঝে আছে। স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এ ব্যাপারে জরুরি বার্তা পাঠিয়েছে। সামগ্রিকভাবে পরিকল্পনা নিয়ে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই ঘরগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় টিন ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
নানক বলেন, হাওরের মানুষদের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা ভালোবাসা আছে। হাওরের ওপর যখন দুর্যোগ নেমে আসে তখন উনি শান্ত থাকতে পারেন না। আপনারা আস্থা রাখুন, আওয়ামী লীগ আপনাদের পাশে আছে।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














