বাজেটে বিদেশ নির্ভরতা কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৬-৩০ ১৮:৪৬:৩৪


পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নয়ন বাজেটে বিদেশনির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে। এখন আমাদের দেশের উপযোগী বা পছন্দমতো না হলে অনেক বিদেশি ঋণপ্রস্তাব আমরা ফিরিয়ে দেই। তবে দেশ ও বৈশ্বিক অর্থনীতির নানাদিক বিবেচনায় কিছু বৈদেশিক ঋণ নিতে হয়।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী প্রস্তাবিত ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শ্লোগান সম্বলিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজেটে বিদেশনির্ভরতা কতটুকু সে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি’র আমলে বাজেটের আগে অর্থমন্ত্রীকে ভিক্ষার ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে যেতে হতো। তাদের সময় বিশেষ করে উন্নয়ন বাজেটে বিদেশনির্ভরতা ছিল ৫০ শতাংশের বেশি। আজকে এটি ১৫-২০ শতাংশে নেমে এসেছে।

হাছান মাহমুদ বলেন, সামগ্রিক ও বৈশ্বিক অর্থনীতির স্বার্থে কিছু বৈদেশিক ঋণ নিতে হয়। যেমন আমরা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের পার্টনার। সেখানে আমাদের জন্য বরাদ্দ থাকে। সেটি না নিলে ল্যাপস হয়ে যায়, এজন্য ক্ষেত্রবিশেষে নিতেও হয়।

তিনি বলেন, বাজেটের সমালোচনা গতানুগতিক। প্রতিবারই বাজেট প্রস্তাব পাসের পর একটি মহল বলে বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়নযোগ্য নয়। অথচ গত ১৫ বছরে আমাদের প্রণীত বাজেট বাস্তবায়নের হার ৯২ থেকে ৯৬ শতাংশ।

তিনি আরও বলেন, দেশ এগিয়ে গেছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্য ৪১ থেকে ১৮.৫ শতাংশে এবং অতি দারিদ্র্য ২৫.৫ থেকে মাত্র ৫ শতাংশে নেমে এসেছে, গড় জিডিপি ভারতকে ছাড়িয়েছে এবং অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছে। আমাদের উন্নয়ন-অগ্রগতি আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

বিএইচ