দেশের সব স্থলবন্দরে ডিজিটাল সেবা চালু হবে: নৌ প্রতিমন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৭-০৪ ২০:৩০:৩৭
দেশের সব স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি বলেন, উন্নত বিশ্বের বন্দরের ন্যায় আমাদের দেশের স্থলবন্দরগুলো একদিন স্মার্ট বন্দরে পরিণত হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের স্থলবন্দরের সেবা কার্যক্রম পেপারলেস করার লক্ষ্যে বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরে আগেই অটোমেশন চালু হয়েছে। ভোমরা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
তিনি বলেন, স্থলবন্দরগুলোকে আধুনিক ও অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। গ্লোবাল এলায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশনের (জিএটিএফ) অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ভোমরা স্থলবন্দরে করা ডিজিটালাইজেশন কার্যক্রম পণ্য সরবরাহ সচল রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














