কোটা সংস্কার আন্দোলন
শুক্রবার সারাদেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
আপডেট: ২০২৪-০৭-১১ ২১:৩১:১৫
কোটা সংস্কার আন্দোলনকারীরা এবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (১২ জুলাই) সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ‘বাংলা ব্লকেড’ পালনের সময় বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ পালন করা হবে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও হামলার স্থানে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ চতুর্থ দিনের মতো পালিত হয় ‘বাংলা ব্লকেড’। বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্লকেড পালনের চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের বাধায় অনেক জায়গায়ই আন্দোলন পণ্ড হয়। তবে রাজধানীতে হাজারো শিক্ষার্থী পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে শাহবাগ অবরোধ করেন।
এর আগে গত রবিবার বিকাল ৩টা থেকে, সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে ৫-৬ ঘণ্টা করে এবং বুধবার সকাল-সন্ধ্যা ব্লকেড পালন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শাহবাগ অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের এক দফা দাবি, সংসদে আইন পাস করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














