অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি বাণিজ্য প্রসারের বিকল্প নেই: রাষ্ট্রপতি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১৪ ১০:০০:০২
রপ্তানি বাণিজ্য টেকসই করার লক্ষ্যে পণ্যের মানোন্নয়ন ও বর্তমান বাজার সংহত করার পাশাপাশি নতুন নতুন বাজার সৃষ্টি ও নিত্য নতুন পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করার কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
জাতীয় রপ্তানি ট্রফি উপলক্ষে দেওয়া এক বাণীতে শনিবার (১৩ জুলাই) এসব কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কৃতি রপ্তানিকারকদের জাতীয় রপ্তানি ট্রফি প্রদানের উদ্যোগ স্বাগত জানান। ২০২১-২০২২ অর্থবছরে রপ্তানি ট্রফি অর্জনকারী রপ্তানিকারকদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্য বিশেষ করে রপ্তানি বাণিজ্য প্রসারের কোনো বিকল্প নেই। দেশের রপ্তানি প্রবৃদ্ধির ধারা অক্ষুণ্ন রাখতে এবং রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহকে সহায়তা দেওয়ার জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও দেশের রপ্তানি বাণিজ্য লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে রপ্তানি খাতের অবদান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ায় অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ভবিষ্যতে অব্যাহত না থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে। এছাড়াও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত করতে সরকারি-বেসরকারি অংশীজনদের একযোগে কাজ করতে হবে।
রাষ্ট্রপতি মনে করেন, রপ্তানিকারকের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আগামী দিনগুলোতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে রপ্তানি ট্রফি দেওয়া বিশেষ ভূমিকা রাখবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














