‘নিজেদের রাজাকার পরিচয় দেওয়াদের কপালে পতাকা বাঁধার অধিকার নেই’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১৫ ১৩:০৭:১০
যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয়, কপালে লাল সবুজের পতাকা বেঁধে মিছিল করবার কোনো অধিকার তাদের নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে দীপু মনি বলেন, যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয়, তাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করবার কোনো অধিকার থাকতে পারে না।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের জেরে নতুন মাত্রা পেয়েছে চলমান এই আন্দোলন। গেল রাত ১১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস এবং হলগুলোতে মিছিল করেছেন শিক্ষার্থীরা।
এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এর মধ্যে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কীসের তোমার অধিকার, তুমি একটা রাজাকার’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














