সোমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১১ ১০:৪৮:১৬
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগামীকাল সোমবার চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল শনিবার প্রথম অফিস শুরু করেন। প্রথম দিন তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।
রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বসবেন। এ ছাড়া বিকেলে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন।
সূত্র আরও জানায়, সোমবার (১২ আগস্ট) উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন।
এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।
শেখ হাসিনার পতনের পর গত বৃহস্পতিবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকারের কূটনীতির দেখভালের দায়িত্ব দেওয়া হয় সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনকে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














