যেখানেই হাত দেই, সেখানেই দুর্নীতি: বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৮ ১৭:৩০:৫৫
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানিখাতে যেখানেই হাত দেয়া হচ্ছে, সেখানেই দুর্নীতি। পেট্রোবাংলার অধীনে যেসব কোম্পানি আছে, অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেয়া হবে।
বুধবার (২৮ আগস্ট) পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদফতরের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, তেল দেয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কর্মীদের দুর্নীতির পথ ছেড়ে সঠিকভাবে সেবা দিতে হবে।
তিনি বলেন, পেট্রোবাংলা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। দুর্নীতিবাজ সচিব কিংবা উচ্চপদস্থ কেউ কাজে যতই দক্ষ হোন না কেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ছাত্রদের সুযোগ দেয়া হবে।
তিনি বলেন, সংস্থা প্রধানদের সম্পদের হিসাব চাইবো, আমরাও আমাদের সম্পদের হিসাব দেবো।
সুলভমূল্যে গ্যাস সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মতো গ্রাহকসেবা দেখে বিবেচনা করা হবে কতটা সফল বা উন্নতি হচ্ছে এই খাতে। চেনা মুখ দেখে আর আমরা প্রকল্প নেবো না। এক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।
ফাওজুল কবির খান বলেন, বেশি বেশি পাওয়ার প্ল্যান্ট আর বেশি দামে জ্বালানি কেনা নয়, সাধারণ মানুষের সেবা কতটা নিশ্চিত হলো, তার প্রতি গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














