ভারতের কাছে বন্যা ও বৃষ্টিপাতের তথ্য চাওয়া হবে: রিজওয়ানা হাসান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-২৩ ২০:২৪:৪৭


পানি সম্পদ মন্ত্রণালয়ের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের কাছ থেকে বন্যা ও বৃষ্টিপাতের তথ্য চাওয়া হবে। পাশাপাশি পানি ভাগাভাগির বিষয়েও আলোচনা হতে পারে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী নদীর ভাঙন এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় ভারত ছাড়াও নদী ভিত্তিক অন্যান্য দেশকে নিয়ে বহুপাক্ষিক আলোচনারও উদ্যোগ নেয়া হবে জানান পানি সম্পদ উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। দখলকারীদের তালিকা আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, দেশের সব নদী দখলমুক্ত করতে দুই মাসের মধ্যে কর্মপরিকল্পনা জমা দিতে বিভাগীয় কমিশনারদের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, জনগণের সহযোগিতায় নদী, খাল ও জলাশয়গুলো দখলমুক্ত করা সম্ভব হবে। এ সময় ভাঙনের বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় জনগণের সমস্যাগুলো শুনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম জি