সন্ত্রাসী হামলায় সেনাকর্মকর্তা নিহতের ঘটনায় জামায়াতের নিন্দা
আপডেট: ২০২৪-০৯-২৪ ১৫:০৪:২৪
কক্সবাজারের ডুলাহাজরা এলাকায় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সোমবার দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ান) নিহত হয়েছেন। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দেশপ্রেমিক সেনাকর্মকর্তা তানজিম সারোয়ারের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি বলেন, শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত অবস্থায় এই মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। তিন পার্বত্য জেলাসহ সারাদেশে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, দেশপ্রেমিক সেনাকর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে দেশব্যাপী শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত যৌথবাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসী সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














