জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৯-৩০ ০৯:৩১:০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহ প্রদানের লক্ষ্যে গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে গবেষণা প্রকল্প বণ্টন কমিটি’র সভায় আর্থিক বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪-২৫ অর্থবছরে গবেষণার প্রতি প্রকল্পে ৩৯ হাজার টাকা করে বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা করা হয়েছে। যা ২০২৩-২৪ অর্থবছরে প্রকল্পে প্রতি ছিল ১ লাখ ৬ হাজার টাকা।
সভায় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় উৎসাহ প্রদানের জন্য শিক্ষকদের গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া বর্তমান প্রশাসনের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে গবেষণার সংখ্যা ও মান বৃদ্ধি অপরিহার্য। গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি- শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।
তিনি আরো জানান, গবেষণায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক বরাদ্দ বৃদ্ধি অব্যাহত থাকবে। তিনি স্কোপাস ইনডেক্স জার্নাল, জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে গবেষণা প্রকাশনা, পিয়ার রিভিউ জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আর্থিক প্রণোদনা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে ৪৬০ টি গবেষণা প্রকল্পের বিপরীতে ৫ কোটি ৭০ লাখ টাকা বণ্টন করা হয় এবং চলতি অর্থবছর ২০২৪-২৫ এ ৪৫৪ টি গবেষণা প্রকল্পের বিপরীতে ৭ কোটি ২০ লাখ টাকা বণ্টন করা হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













