প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সুবিধায় বাংলাদেশ ফাইন্যান্সের ‘বীর’
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৩-০৫ ২২:৫৬:০২
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স প্রবাসীদের জন্য চালু করেছে বিশেষ আর্থিক সুবিধা সম্বলিত প্ল্যাটফর্ম বীর।
বুধবার (৫ মার্চ) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির অধীন বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ। তিনি জানান, হাউজিং ফাইন্যান্স, এসএমই লোন, এগ্রিকালচার লোন, বিভিন্ন সেভিংস স্কিম, লাইফ এ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সসহ বিভিন্ন আর্থিক সুবিধা প্রদান করা হবে।
পাশাপাশি এই প্ল্যাটফর্মের আওতায় এয়ারপোর্টে অবস্থানের জন্য স্পেশাল লাউঞ্জ, বিমানবন্দরে মিট-অ্যান্ড-গ্রিট ও পিক আপ এবং ড্রপের জন্য যাতায়াত সুবিধা থাকবে বলেও জানান তিনি।
এসময় বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ বলেন, আমাদের দেশে দেড় কোটি আমাদের রেমিট্যান্সের ৫০ শতাংশ বৈধ চ্যানেলে পাই। বাকিটা বৈধ চ্যানেলে পাই না। কারণ আমরা মূল জায়গায় হাত দেই না। আমরা শুধু বৈধ চ্যানেলে টাকা পাঠালে তাকে প্রবাসী যোদ্ধা, রেমিট্যান্স যোদ্ধা এরকম কিছু নাম দিচ্ছি এবং ক্যাশ ইন্সেন্টিভের মধ্যে সীমাবদ্ধ রেখেছি।
রেমিট্যান্স বাড়াতে হলে প্রবাসীদের সংগ্রামগুলোকে চিহ্নিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো যদি আমরা চিহ্নিত করি তাহলে একটা বড় সংখ্যক মানুষ শুধু ইন্সেন্টিভের জন্য না এই সমন্বিত সুবিধার জন্য ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের রেমিট্যান্স পাঠানোর কথা চিন্তা করবে। এই পরিবর্তনের এখনই সময়। এই পরিবর্তনের জন্য আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করেছি এটার নাম দিয়েছি বীর।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














