শূন্য পদগুলোতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে: গণশিক্ষা উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৯ ১৯:৩০:০৬


দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা নির্বিঘ্ন করতে শূন্য পদগুলোতে নতুন নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৯ মার্চ) কক্সবাজারে ‘মাঠ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ‘মিডডে মিল’ চালু করা হয়েছে। যা অনেক শিশুকে উৎসাহিত করবে স্কুল অবস্থান এবং পড়াশোনা চালাতে। এছাড়াও যেসব শিশুর অর্থনৈতিক কারণে ঝরে পড়ছে তাদের জন্য আলাদা ধরনের ব্যবস্থা রয়েছে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর।

তিনি আরও বলেন, চট্টগ্রাম অঞ্চলে ‘স্কিলফো’ নামে বিশেষ একটি প্রকল্প চলছে। যেখানে শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি তাদের জীবনমুখী বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেন তারা কর্মক্ষম এবং উপার্জনক্ষম হয়ে ওঠে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. সামশুজ্জামান ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী প্রমুখ।

এম জি